বস্তির ছেলেদের জন্য ক্রিকেট লিগ

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১২:২৪
ভারতের দরিদ্র ছেলেদের জন্য, বিশেষ করে বস্তিবাসী যেসব ছেলেরা ক্রিকেট খেলতে ভালোবাসে, তাদের জন্যই একটি পেশাদার ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে। দিল্লিতে 'স্লাম ক্রিকেট লিগ' নামের এই আয়োজনটি করেছেন সাবেক সরকারি কর্মকর্তা রাজেশ পুন্ডির।
 
পুন্ডির বলছেন,  যেসব দরিদ্র ছেলেরা ক্রিকেটে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নকে জিইয়ে রাখার জন্যই এই ক্রিকেট লীগ। তারা যাতে বুঝতে পারে, পেশাদারদের চেয়ে তারাও কোন অংশে কম নয়। গত সেপ্টেম্বরে স্লাম ক্রিকেট একাডেমী নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেন রাজেশ পুন্ডির। সেখানেই বস্তিবাসী দরিদ্র শিশুরা ক্রিকেটের রীতিনীতি শেখে। রাজেশ পুন্ডির বলছেন, দরিদ্র শিশুদের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাতেই এই আয়োজন।
 
রাজেশ পুন্ডির বলছেন, ভারতে ক্রিকেট ধর্মের মতো, ক্রিকেটাররা ঈশ্বরের মতো। এই শিশুরা ক্রিকেট খেলাটি খুব ভালোবাসে। তাদের শুধুমাত্র সঠিক রাস্তাটি দেখিয়ে দেয়া দরকার। আমরা সেটাই করছি। এখন এই একাডেমিতে ১০০জনের বেশি দরিদ্র শিশু ক্রিকেটের পাঠ নেয়। সেই সঙ্গে তাদের প্রথাগত স্কুলের শিক্ষাও দেয়া হয়।
 
এদের একজন বলছিল, আমি শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার হতে চাই। যখন আমি বড় ক্রিকেটার হবো, আমার পরিবারের জন্য ভালো একটি বাড়ি কিনতে পারবো। গত অক্টোবরে এই শিশুদের নিয়ে প্রথম টুর্নামেন্টটি আয়োজন করা হয়, যেখানে দিল্লির দশটি বস্তির শিশুরা অংশ নেয়। এ বছর এপ্রিলে আরেকটি টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। বিবিসি।