দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ওপর সাইবার হামলা অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এই অভিযোগকে 'বানোয়াট' আখ্যা দিয়েছে পিয়ংইয়ং।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এক রুদ্ধদ্বার বৈঠকে পার্লামেন্ট সদস্যদের জানান, উত্তর কোরিয়া সম্প্রতি ৪০ জন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মোবাইল ফোন হ্যাক করতে সমর্থ হয়েছে।
এর জবাবে শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোডং সিনমুনে মন্তব্য হিসেবে লেখা হয়েছে, "আমাদের বিরুদ্ধে দক্ষিণের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 'সন্ত্রাসবাদবিরোধী' আইনকে জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে এমন অভিযোগ তুলছে দক্ষিণ কোরিয়া।"
সপ্তাহখানেক আগেই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া দক্ষিণের রেলওয়ে কর্মীদের ইমেইল হ্যাক করার চেষ্টা করে। তবে তখন তারা সফল হতে পারেনি বলেই দাবি গোয়েন্দাদের। সূত্র: রয়টার্স
