ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুঠুরাকান্দা গ্রাম থেকে অপহৃত শিশুকে ৩ দিন পর গৌরীপুর থেকে রবিবার জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয় ।
জানা যায়, গত শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের সৌদি প্রবাসি দুলাল মিয়ার তৃতীয় শ্রেণির স্কুলছাত্র বাবুলকে (৯) অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে মোট অঙ্কের টাকা টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা হলে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে রবিবার ভোররাতে ডিবি পুলিশ গৌরিপুর উপজেলার কলতাপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত শিশু বাবুলকে উদ্ধার এবং অপহরণকারী আলামীন ওরফে রিফাতকে (২০) গ্রেফতার করে। আলামীন নান্দাইল উপজেলার আচারগাঁও-ঝাওগড়া গ্রামের হেলিমের ছেলে।
ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, অপহরণকারি আলামীন কৌশলে নিজেকে রিফাত হিসাবে ছদ্মনাম ব্যবহার করে ময়মনসিংহ ও আশপাশ এলাকায় একাধিক শিশু অপহরণের ঘটনা ঘটিয়েছে।
