মঙ্গলবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মূল প্রতিযোগিতা। যাকে বলা হচ্ছে সুপার টেন পর্ব। প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আইসিসি র্যাঙ্কিং অনুসারে শীর্ষ আটটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরিই খেলার সুযোগ পাচ্ছে সুপার টেনে। আর র্যাঙ্কিংয়ে আটের পরের যেকোন অবস্থানে থাকা টেস্ট খেলুড়ে দুটি দেশকে খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ড। রবিবার শেষ হওয়া সেই রাউন্ড পেরিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।
গত আসরের রানার্সআপ ভারত। আর ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। এবারই প্রথম টি২০ বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন তাদের। তারপর বাকি চার আসরের মধ্যে শুধু গতবারই পুনরায় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল মহেন্দ্র সিং ধোনির দল।
সব আসরেই ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন পেয়েছে টি২০ বিশ্বকাপ। এবারও কি নতুন চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব ক্রিকেট? ২০০৯ সালে পাকিস্তান, ২০১০ সালে ইংল্যান্ড, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৪ সালে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা জেতা বাকি আছে এখনও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বড় তিন দল এবং এশিয়ার রানার্সআপ বাংলাদেশ।
