১৬ মার্চ ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল৷ তাঁর আগে শহিদ আফ্রিদিদের বিরুদ্ধেও দলের ব্যাটিংকে নেতৃত্ব দেওয়াটাই প্রধান লক্ষ্য বলে জানালেন ওপেনার তামিম ইকবাল৷
ধরমশালায় ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাইপর্বেও প্রতি ম্যাচেই হেসেছ তামিমের ব্যাট। গত ম্যাচে তামিমের ৬৩ বলে ১০৩ রানে ভর করেই ওমানকে হারায় বাংলাদেশ৷ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রানের গণ্ডিও পেরোন তিনি৷
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাঁর এই ফর্মের দিকেই তাকিয়ে থাকবেন টাইগাররা৷ তিনি নিজেও মনে করেন শাহিদ আফ্রিদি-ওয়াহাব রিয়াজদের বিরুদ্ধে তাঁদের শেষ কয়েকটি ম্যাচে পারফরম্যান্স পরবর্তী ম্যাচটিতেও ভালো খেলতে সাহায্য করবে৷
এই প্রসঙ্গে তিনি জানান,‘পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বর্তমান পারফরম্যান্স খুব ভালো৷ তাই ভালো কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হব না৷’
তিনি আরও বলেন, ‘দল খুব ভালো পারফর্ম করছে৷ পরবর্তী ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ৷ আশা করি আমিও পাকিস্তানের বিরুদ্ধে দলের জন্য কিছু করতে পারব৷’
