ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ঘরের মাঠে পেয়েও জ্বলে উঠতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে তাতে দলটির অসাধারণ এক কীর্তি গড়ার পথে কোনো বাধা আসেনি। দুই লেগ মিলিয়ে জিতে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাবটি।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে পাওয়া ৩-১ গোলের ব্যবধান ধরে রেখেই অসাধারণ কীর্তিটি গড়ে মানুয়েল পেল্লেগ্রিনির দল। প্রতিপক্ষের মাঠে প্রথম পর্বে দুই গোলের ব্যবধানে জিতে আসায় সিটির শেষ আটে ওঠার সম্ভাবনা অনেকটা নিশ্চিতই ছিল। কিন্তু ফিরতি লেগের শুরুতেই চোটের আঘাত দলটির রক্ষণকে দুর্বল করে দিলে কিয়েভের লড়াইয়ে ফেরার পথ প্রসস্ত হয়।
IMG0
সপ্তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি আর ২৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। প্রতিপক্ষের রক্ষণের দুই মূল খেলোয়াড় না থাকার সুবিধা অবশ্য কাজে লাগাতে পারেনি কিয়েভ। প্রথমার্ধে দুদলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পরও অনেকটা সময় ম্যাচের গতি-প্রকৃতি ছিল একইরকম।
৬১তম মিনিটে অবশেষে ম্যাচের প্রথম সুযোগ পায় সিটি, কিন্তু হেসাস নাভাসের নিচু শট পোস্টে লাগলে হতাশ হতে হয় স্বাগতিক দর্শকদের। ১০ মিনিট বাদে আরেকটি সুযোগ নষ্ট করেন ইয়াইয়া তোরে। তাতে ইতিহাদের দর্শকদের উল্লাস অবশ্য থামেনি। প্রিয় দলের ইতিহাস গড়ার সাক্ষ্মী হয়েই ফিরেছে তারা। গোল.কম।
