ইডেন অভিষেকের আগে পরিমিত বাংলাদেশ

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১১:২৬
পচিশ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ ইডেনে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেনি। এ নিয়ে সাংবাদিকদের অনেক আগ্রহ থাকলেও মাশরাফি ব্যাপারটা নিজের মতো করেই দেখতে চাইলেন, ‘ইডেনে খেলবো ভেবে অনেক ভালো লাগছে। কিছু মাঠ আছে যেখানে প্লেয়াররা খেলতে চায়। লর্ডস, মেলবোর্ন, ইডেন গার্ডেন তেমনই কয়েকটি মাঠ। আর মিরপুরতো আমাদের হোম অব ক্রিকেট। ইডেন গার্ডেনের কথা ছোটবেলা থেকেই শুনেছি। কখনো খেলা হয়নি। সবাই চাইবে এই ম্যাচটিতে স্মরণীয় করে রাখতে। তবে টি টোয়েন্টি ফরমেটের খেলায় কী হবে সেটা বলা যায় না। আমরা একটা ভালো সুযোগ পেয়েছি ইডেনে খেলার। আমাদের ছেলেরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানে খেলতে।’
 
ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সেরা দশের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে কেমন পাকিস্তান?  মাশরাফি বলেন, ‘পাকিস্তান অবশ্যই আমাদের চেয়েও অভিজ্ঞ দল। তবে গত একমাসের পারফর্মেন্স যদি বিবেচনা করেন তাহলে দেখবেন আমরা দেশে অনেক ভালো প্র্যাকটিস করেছি। এরপর এশিয়া কাপেও ভালো খেলেছি। আমাদের দলে কিছু ভালো প্লেয়ার রয়েছে। তবে টিম হিসেবে পাকিস্তান ঐতিহাসিকভাবেই বেটার টিম।’
 
ইডেনের পিচ সম্পর্কে মাশরাফি বলেন, ‘আমরা এর আগে ভারতে অনেক খেলেছি। এখানে অনেক আইপিএল ম্যাচ দেখেছি। তখন  টার্নিং ও স্লো উইকেট ছিল। তবে আমার মনে হয় বিশ্বকাপে ফ্ল্যাট ও ব্যাটিং সহায়ক উইকেট হবে। ইডেনের উইকেট আরেকটু দেখার পর আমরা আমাদের সেরা টিম কম্বিনেশনটাই মাঠে নামাবো। এখানকার উইকেট বাংলাদেশের চেয়ে ভালো। বাংলাদেশে এশিয়া কাপে ছিল সিমিং উইকেট। এখানে ফ্ল্যাট উইকেট।’
 
আজ তাসকিন ও আরাফাত সানি খেলবেন কিনা তা নিশ্চিত করেননি অধিনায়ক। মুস্তাফিজের খেলাটাও নিশ্চিত নয়। মাশরাফি বলেন, ‘চেন্নাইয়ে ওদের বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছে। সানিরটা আগেই হয়েছিল। তাসকিনের পরীক্ষা মঙ্গলবার সকালে হয়েছে। আশা করছি সে সন্ধ্যার মধ্যেই টিমের সাথে যোগ দেবে। তাদের ছাড়া আমরা মাত্র ১৩ জন। পরিকল্পনা ঠিক করতে আমাদের টিমের সভা হচ্ছে। টিমে কারা থাকবে সেটা পুরোপুরি উইকেট, কন্ডিশন এবং প্রতিপক্ষ তারা সেটার ওপর আমাদের পরিকল্পনা নির্ভর করছে।’
 
তামিমের পারফর্মেন্স নিয়ে দারুণ আশাবাদী মাশরাফি। বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তামিম দারুণ ফর্মে রয়েছে। এটা টিমের জন্য একটি ভালো দিক। শুধু তামিম নয়, সব ব্যাটসম্যানই এখানে ভালো করছে। এখানে তামিম যদি তার স্বাভাবিক খেলা দেখাতে পারে, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। সাকিব আজ ভালো করবেন বলে অধিনায়কের আশা। বলেন, সাকিব আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার। গত ৭/৮ বছর সে যেভাবে পারফর্ম করেছে তা আমাদের জন্য স্পেশাল। আর এই মাাঠ (ইডেন গার্ডেন) আমরা তার কাছ থেকে অনেক তথ্য নিতে পারবো। এটা তার হোম গ্রাউন্ড।’
 
আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিতে খেলেনি বাংলাদেশ দল। এবার কি সেই ধারায় পরিবর্তন আসবে? মাশরাফি বলেন, ‘আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। একটা গ্রোয়িং আপ টিপ। আমরা এখন যেভাবে খেলছি  সবাই ভালো বলছে। বিশ্বে অনেক ক্রিকেটার রয়েছেন যারা একটা পর্যায়ে এসে হঠাত্ ঝলসে ওঠেন। আমরাও নিজেদের সেভাবেই তৈরি করছি। সুতরাং আমাদের কিছুটা সময় লাগবে। টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের আরো ভালো করার সুযোগ রয়েছে। ওয়ানডেতে গত বিশ্বকাপে আমরা কোয়ার্টারে খেলেছি। সামনে আইসিসির বড় কোনো টুর্নামেন্টে ভালো করার চেষ্টা থাকবে।’
 
সাকিব, মুশফিকের ফর্মে না থাকা নিয়ে মাশরাফি বলেন,  ‘২০ ওভারের খেলায়  সবাই অতোটা সময় পায় না। বিশেষ করে যারা মিডল অর্ডারে ব্যাট করেন, তারা খুবই চাপে থাকেন। তারপরও সাকিব, মুশফিক তাদের সেরাটাই দেয়ার চেষ্টা করবে। আশার কথা যে তামিম, সাব্বির ফর্মে আছে। সৌম্য কিছু রান পাচ্ছে।’
 
বাংলাদেশ সুপার টেনে কঠিন গ্রুপে রয়েছে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমরা প্রাথমিক পর্বেও কন্ডিশনের হিসাবে কঠিন গ্রুপে ছিলাম। মনে হয়েছে আমরা আইরিশ কন্ডিশনে খেলছি। সুপার টেনেও আমরা ডেথ গ্রুপে আছি। এই গ্রুপে প্রতিটি দলই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। কাজটা অনেক কঠিন। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা ঠিক করবো। কালকের ম্যাচের ওপর ফোকাস করছি। কালকেরটা যদি ভালো হয় তাহলে পরেরটা নিয়ে চিন্তা করা যাবে। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’