অতি আত্মবিশ্বাসের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত হেরেছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বুধবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই কথা বলেছেন।
সুনীল গাভাস্কার বলেছেন, আমি মনে করি অতি আত্মবিশ্বাসই ভারতকে ডুবিয়েছে। নিউজিল্যান্ডকে যেহেতু হারাতে পারেনি পাকিস্তানের বিপক্ষেও তাদের কঠিন লড়াইয়ের মোকাবেলা করতে হবে। সেমিফাইনালে যেতে হলে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পেতেই হবে।
তিনি বলেছেন, নাগপুরের স্পিনিং উইকেটে ভারতের অবশ্যই আরো ভাল খেলা উচিত ছিল। তার মতে, এই ধরনের ট্র্যাকে ব্যাটসম্যানদের আরো ধরে খেলা উচিত ছিল। এই পরাজয়ের পরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আরো কঠিন হয়ে গেল।
মঙ্গলবার নাগপুরে টোয়েন্টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে পরাজিত হয়েছে মাহেন্দ্র সিং ধোনীর দল। ১২৭ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে কিউই স্পিনারদের তোপের মুখে ৭৯ রানে অল আউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৩০ রান আসে ধোনির ব্যাট থেকে। এছাড়া বিরাট কোহলি ২৩ ও রবিচন্দ্রন অশ্বিন করেছেন ১০। এই তিনজন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।
