১৬ই মার্চ মানজারুল ইসলাম রানার প্রয়াণ দিবস। ২০০৭ সালে মাত্র ২২ বছর বয়সে এই দিনে খুলনায় দুর্ভাগ্যজনক একটি সড়ক দুর্ঘটনায় রানা ও তার বন্ধু ফার্স্ট ডিভিশন ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু না ফেরার দেশে চলে যান।
বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অন্তরঙ্গ বন্ধুর মৃত্যুর শোককে পরিণত করে ২০০৭ সালে ত্রিনিদাদে ভারত বধ করেছিল বাংলাদেশ। মানজারুলের পঞ্চম প্রয়াণ দিবসে ২০১২ সালে এশিয়া কাপে আবারও একই প্রতিপক্ষকে হারিয়ে ছিল বাংলাদেশ। দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন মাশরাফি। ত্রিনিদাদে ৯ ওভার ৩ বল বোলিং করে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি, মেডেন দুইটি। এশিয়া কাপেও ৪৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।
আজ বুধবার সবচেয়ে তরুণ বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার মানজারুলের ৯ম মৃত্যুবার্ষিকী। মানজারুলের মৃত্যুবার্ষিকীতে মাশরাফির নেতৃত্বে বিশ্ব টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে। তাই ওপারে চলে যাওয়ার পরেও ইডেন গার্ডেনে মাশরাফি-তামিম-সাকিবদের সঙ্গে মানজারুল নিঃসন্দেহে থাকছেন।
