ঢাবি আইন বিভাগ 'ফার্স্ট অনারেবল সাবমিশন' এ ভূষিত

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মুটিং টিম ১৪তম রেডক্রস ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল'মুট প্রতিযোগিতায় লিখিত বিভাগে 'ফার্স্ট অনারেবল সাবমিশন' পুরস্কারে ভূষিত হয়েছে।
 
হংকং এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আইন বিভাগের মুটিং টিম অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিজয়ী দল হিসেবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় ২৪টি দেশের মধ্যে প্রথমবারের মতো এই গৌরব অর্জন করে।
 
বিজয়ী উপলক্ষে দলটি বুধবার অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করে। এই সময় উপাচার্য বিজয়ী টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
 
বিজয়ী দলের সদস্যরা হলেন-মুহাম্মদ ওমর ফারুক, নাদিয়া রহমান ও মাশরুর বিন আনসারী। এদের তত্ত্বাবধায়ক ও প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।