আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দারুণ এক কীর্তি গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেয়ার পাশাপাশি ১ হাজার রান করলেন সাকিব।
তার আগে টি-টোয়েন্টিতে এই ক্লাবের একমাত্র সদস্য ছিলেন শহিদ আফ্রিদি। তবে সাকিব আফ্রিদির অনেক কম ম্যাচ খেলেছন। ‘ডাবল’ ছুঁতে ৬৯ ম্যাচ লেগেছিল আফ্রিদির, সাকিবের লাগল ৫১ ম্যাচ।
১ হাজার রান হতে পাকিস্তান ম্যাচের আগে মাত্র ৪ রান প্রয়োজন ছিল সাকিবের। বুধবার ইডেন গার্ডেনসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার স্পর্শ করেন ১ হাজার রান। টি-টোয়েন্টিতে আগেই উইকেটের ‘ফিফটি’ ছিল সাকিবের। উইকেট তার ৬১ টি। ৯৫ ম্যাচে আফ্রিদির রান ১ হাজার ৩৬৪, উইকেট ৯৫টি।
