বুধবার ওয়াল্ড টি-টোয়েন্টির মূল পর্বে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরেছে বাংলাদেশ। তবে না পাওয়ার এই ম্যাচেও প্রাপ্তি ছিল সাকিবের দুটি অর্জন।
ম্যাচ শেষ হওয়ার আগে নিজের ক্যারিয়ারের ৬ষ্ঠ অর্ধশতক তুলে নেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে এটাই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ তামিম ইকবালের রয়েছে ৪টি ফিফটি।
তবে এর আগে আরও বড় অর্জন গড়েন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দারুণ এক কীর্তি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেয়ার পাশাপাশি ১ হাজার রান করলেন সাকিব।
তার আগে টি-টোয়েন্টিতে এই ক্লাবের একমাত্র সদস্য ছিলেন শহিদ আফ্রিদি। তবে সাকিব আফ্রিদির অনেক কম ম্যাচ খেলেছন। ‘ডাবল’ ছুঁতে ৬৯ ম্যাচ লেগেছিল আফ্রিদির; সাকিবের লাগল ৫১ ম্যাচ।
১ হাজার রান হতে পাকিস্তান ম্যাচের আগে মাত্র ৪ রান প্রয়োজন ছিল সাকিবের। বুধবার ইডেন গার্ডেনসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার স্পর্শ করেন ১ হাজার রান। টি-টোয়েন্টিতে আগেই উইকেটের ‘ফিফটি’ ছিল সাকিবের। উইকেট তার ৬১ টি। ৯৫ ম্যাচে আফ্রিদির রান ১ হাজার ৩৬৪, উইকেট ৯৫টি।
