চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হতে চাননা লুইস এনরিকে! তিনি বলেন, আমি যে একটি দলের মুখোমুখি হতে চাইব না, সেটা বার্সেলোনা। কিন্তু আমি তাদের মুখোমুখি হতে পারি না। তাই এটা নিয়ে বেশ শান্তিতে আছি।
শেষ ষোলোর দ্বিতীয় পর্বে গত বুধবার নিজেদের মাঠ কাম্প ন্যু তে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। আর্সেনালের মাঠ থেকে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতে এসেছিল এনরিকের দল।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনার সঙ্গে আছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, ভলফ্সবুর্গ ও বেনফিকা।
বার্সেলোনার এগিয়ে যাওয়া সম্পর্কে এনরিকে বলেন, 'স্পষ্টতই আমাদের অনন্য সব খেলোয়াড় আছে। কিন্তু সব শেষে এই দল নিয়ে দারুণ বিষয় হচ্ছে, আক্রমণ আর রক্ষণে তারা দলগতভাবে কাজ করে।'
আর্সেনালের বিপক্ষে বুধবার বার্সেলোনার গোল তিনটি করেন ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ীর তিন সদস্য নেইমার, লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই তিন জনের কথা আলাদা করেই বললেন এনরিকে, 'আমি আনন্দিত যে মেসি, সুয়ারেস আর নেইমার আমাদের ফরোয়ার্ড।' বিডি নিউজ।
