নারীদের ওয়ার্ল্ড টি-২০তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশদের দেয়া ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা। তার ২৮ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছ্ক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। ফারজানা হক ও রুমানা আহমেদ দু’জনই সমান ১৯ রান করে আউট হন।
ইংল্যান্ডের আনা স্রুবসোল সর্বোচ্চ দু’টি উইকেট নেন। ক্যাথরিন ব্রান্ট, ড্যানিলি হ্যাজেল ও জেনি গান নেন একটি করে উইকেট।
এর আগে আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার। পরে দলীয় ৩৪ রানে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন জাহানারা। ওপেনার বিমাউন্টকে ১৮ রানে বিদায় করেন তিনি। এরপর সারাহ টেলরকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ের এডওয়ার্ডস। দলীয় ৭০ রানে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশের ফাহিমা। এরপর আর একরান যোগ করতেই বাংলাদেশি স্পিনার খাদিজাতুল কুবরার দারুণ বোলিং ও ক্যাচের শিকার হন নাইট। এরপর ১১৮ রানের সময় উইকেট নেন সালমা খাতুন।
এরপরও একপাশ আগলে খেলা চালিয়ে যাচ্ছিলেন এডওয়ার্ডস। দলীয় ১২৭ রানে তাকে থামান রুমানা আহমেদ। এরপর ইনিংসের শেষ ওভারে জাহানারা আরও দুইটি উইকেট তুলে নিলে ১৫৩ তে থামে ইংলিশদের ইনিংস।
