চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক ভারত। ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার মনে করছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ভারতীয় ব্যাটসম্যানদের সমীহ করা উচিত। এমনকি এ ম্যাচে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকবে বলেও মনে করছেন তিনি।
ইডেনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে হাই ভোল্টেজ এই ম্যাচ হবে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি বোলিং। তাই প্রতি পক্ষের সেরা পেসার আমিরকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের পরামর্শ গাভাস্কারের। মঙ্গলবার নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ২নং গ্রুপ থেকে টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হবে।
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধাদেশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন আমির। নিজের গতি দিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের জীবন ঝালাপালা করে আসছেন তরুণ এই বাঁহাতি পেসার এবং গাভাস্কার বলেন ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই তাকে সমীহ করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে।
নয়াদিল্লি টেলিভিশনকে গাভাস্কার বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই আমিরের মুভমেন্ট ব্যাটসম্যানদেরকে সমস্যায় ফেলছে। তার বল খুবই সুয়িং করছে যে কারণে ব্যাটসম্যানরা সমস্যায় পড়ছে। অন্য বাঁহাতি বোলাররা যা পারছে না আমির সেটাই করছে তাই অবশ্যই তাকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে।'
বিশ্বকাপের ম্যাচে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি। তবে গাভাস্কারের মতে এটা ইতিহাস। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে জয় পাওয়ার পর ভারতের বিপক্ষে পাকরা কিছুটা এগিয়ে বলে মনে করছেন গাভাস্কার।
