ব্যাঙ্গালুরু পৌঁছে সব ক্রিকেটার ছুটি কাটালেও অনুশীলন করছেন মুস্তাফিজ। শুক্রবার সকালেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলে এসেছেন কাটার স্পেশালিস্ট। মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরির সঙ্গে অনেকটাই এগিয়ে এখন তিনি। ফিরতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
এসময় মুস্তাফিজের সঙ্গে ছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিজিও বায়েজিদুল ইসলাম। পরে যোগ দিয়েছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। তরুণ শিষ্যকে প্রচুর টিপস দিচ্ছিলেন স্ট্রিক। একটি-দুটি ডেলিভারির পরপরই অনেক কিছু বলছিলেন বোলিং কোচ, দেখিয়ে দিচ্ছিলেন নানা কিছু। সতর্ক দৃষ্টি রাখছিলেন ফিজিও।

ধর্মশালায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচের আগের দিন থেকে নেটে টুকটাক বোলিং করা শুরু করেছিলেন মুস্তাফিজ। এখন প্রায় ফিরেছেন নিজের স্বাভাবিকতায়। শুক্রবার ম্যাচের মতো করেই নেটে বোলিং করলেন ৪ ওভার।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোলিং কোচ স্ট্রিক জানান, মুস্তাফিজ প্রায় প্রস্তুত। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমরা ওকে প্রস্তুত করার চেষ্টা করছি। পুরো গতির কাছাকাছিতে বোলিং করছে। সব কিছুই চেষ্টা করেছে নেটে। ব্যথা নেই, অস্বস্তি নেই। এই মুহূর্তে সবই ভালো।’
