মুখোমুখি হবে ভারত-পাকিস্তান নারী দলও

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:৫৫
কলকাতার ইডেন গার্ডেনসে শনিবার ষষ্ঠ টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান পুরুষ দল। একই দিন যুদ্ধ আছে ভারত-পাক যুদ্ধ নারী দলেরও। দিল্লির ফিরোজ শাহ কোটলাতে লড়বে ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। 
 
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।  জয় দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭২ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে বেশ ফুরফুরা মেজাজে মিতাালি রাজের দল। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে চান ভারতের অধিনায়ক মিতালি রাজ। 
 
এছাড়া ভক্তদের মনের আশা পূরনের কথাও বললেন মিতালি, প্রথম ম্যাচ জয়ে আমাদের আত্মবিশ্বাস ভালো অবস্থায়। তাই ম্যাচটি জিততে চাই আমরা। এছাড়া ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ। তাই ভক্তরা চাইবে ধোনির দল এবং আমাদের দল যেহেতু নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে, তাই এই ম্যাচ দুটো আমরা জিতি।
 
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপ। এ ম্যাচেও তেমনটা থাকবে। তাই এ ম্যাচের চাপ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সানা মীর বলেন, এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। তার উপর মাঠে দর্শক বেশি হলে দু’দলের উপর চাপ থাকবে। তবে সেই চাপ নিতে আমার দল তৈরি। ভারত নিজেদের প্রথম ম্যাচ জিতলেও, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৪ রানে হারে সানার দল। বাসস।