শেষ আটে বার্সার মুখোমুখি অ্যাথলেটিকো

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১০:১৩
 
এবারের আসরের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে স্বদেশি স্প্যানিশ দল ও ২০১৪ সালের ফাইনালিস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। এর মাধ্যমে দুই বছর আগে এই অ্যাথলেটিকোর কাছেই কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায়ের দারুণ এক প্রতিশোধের সুযোগ এখন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের সামনে।
 
শুক্রবার নিঁওতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে উপস্থিত জেভিয়ার বোরডাস বলেছেন, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা কোনসময়ই সহজ নয়। তাদের শক্তিমত্তা সম্পর্কে সবাই জানে। রক্ষণভাগে তারা বেশ শক্তিশালী, একইসাথে আকস্মিক ভাবে আক্রমণ করে বসে। স্প্যানিশ লিগে তারাই আমাদের মূল প্রতিপক্ষ। আমার মতে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আমাদের ভাগ্যে পড়েছে। আমরা জানি কতটা কঠিন পরীক্ষার মুখে আমাদের পড়তে হবে।
 
কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচগুলোতে মুখোমুখি ম্যানচেস্টার সিটি-পিএসজি, বায়ার্ন মিউনিখ-বেনফিকা ও রিয়াল মাদ্রিদ-উল্ফসবার্গ।
 
শেষ রাউন্ডে চেলসিতে হারানো জ্লাতান ইব্রাহিমোভিচের প্যারিস সেইন্ট-জার্মেই শেষ আটে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। এই নিয়ে কোয়ার্টার ফাইনালে এই প্রথমবারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সিটির মোকাবেলা করবে। গত ২০ বছরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্নে এখন বিভোর ক্লাবের প্রেসিডেন্ট নাসির আল-খেলাফি।
 
এ সম্পর্কে তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে সবাই ভাল দল। ম্যান সিটির প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে। কিন্তু আমার বিশ্বাস আরেকটি ইউরোপীয়ান পারফরমেন্স আমাদের খেলোয়াড়দের দেখাতে হবে। চেলসিকে হারানোর পরে আমি আশাবাদী।
 
আগামী ৫-১৩ এপ্রিল কোয়ার্টার ফাইনালে দুটি লেগ অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ এপ্রিল ও ৩ ও ৪ মে হবে সেমিফাইনাল। ২৮ মে মিলানে হবে চলতি আসরের ফাইনাল।

খবর বাসসের।