ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে উত্তেজনায় কাঁপছে পুরো বিশ্ব। কিন্তু এই উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃস্টি। শনিবার রাতে ৮টায় মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কিন্তু এদিন সকাল থেকে ইডেন গার্ডেন্সের উপর দিয়ে উড়তে শুরু করেছে কালো মেঘের দল।
আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যায় নামতে পারে বজ্রসহ বৃষ্টি। মধ্য ভারতে তৈরি হওয়া একটি নিম্নচাপ ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসে এখন পশ্চিম বাংলার দক্ষিণ অঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করছে। বছরের এই সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয়ে থাকে।
আলিপুরের আবহাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাবে সেই জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হচ্ছে। ফলে আকাশে বেড়ে চলেছে মেঘ। সে কারণে শনিবার দিন শেষে মেঘ সরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং দুপুর থেকে কলকাতায় বজ্রপাতের সঙ্গে নামতে পারে মুষলধারে বৃষ্টিও। অর্থাৎ, ধোনি ও আফ্রিদিরা যে সময়ে ইডেনে খেলতে নামার প্রস্তুতি নেবেন তার কিছু সময় আগেই শুরু হতে পারে বৃষ্টি।
তবে বৃষ্টি মোকাবেলায় সব প্র্রস্তুতি নিয়ে রেখেছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সকাল থেকেই পিচ ঢেকে ফেলা হয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজেছে। তবে তা যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলার ব্যবস্থা করা হবে বলে জানায় তারা।
সিএবি সূত্রে আরও জানানো হয়েছে, গত বছরের মতো ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
