ইনোভেশন এক্সট্রিমে বেসিস সভাপতি শামীম আহসান

'সফল হতে প্রয়োজন ভিন্ন চিন্তা ও উদ্ভাবনের সাহস'

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:৫৫
 
জীবনে সফল হতে হলে ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে বলে জানালেন বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান। তিনি শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন 'ইনোভেশন এক্সট্রিম' এ 'গ্রোথ ইন দ্য আইসিটি সেক্টর : ইনএভিটেবল, আর ইউ মিসিং ইট?' শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
 
তিনি বলেছেন, অপরিচিত পথে চলার ও অসম্ভব কিছু আবিস্কারের উদ্দীপনা এবং সমস্যাকে জয় করতে হবে। এ সকল গুনের মাধ্যমেই আমাদের তরুণরা এগিয়ে গেলে একদিকে তারা যেমন সফল হবে তেমনিভাবে ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমে দেশ এমনকি বিশ্বকে পাল্টে দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে তাদের সহায়তার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বড় বড় কোম্পানিকে এগিয়ে আসতে হবে।
 
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচকদের মধ্যে ছিলেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান, পার্টনার আবুল নুরুজ্জামান, বস্টন কনসালটিং গ্রুপের পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনির, সেগনেল ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা হিদেকি ফুজিতা প্রমুখ।