আফগানদের ২১০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:৫২
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিং করল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে আফগানিস্তানকে ২১০ রানের লক্ষ্য দিয়েছে ফাফ দু প্লেসির দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
 
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতো দলকে উড়ন্ত সূচনা এনে দেন কুইন্টন ডি কক। হাশিম আমলার সঙ্গে ২.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। আমলা (৫) তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরার পর ফাফ দু প্লেসির সঙ্গে সাত ওভারে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডি কক। তবে ৭ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। আমির হামজার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৫ রান করেন ডি কক। ৩১ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। আর ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করেন অধিনায়ক দু প্লেসি।
 
বাকিটা সময়ের প্রায় পুরোটাই বোলাদের শাসন করেন ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে জেপি দুমিনির সঙ্গে ৫.৫ ওভারে ৭৬ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে দুমিনির অবদান মাত্র ১৪ রান, ডি ভিলিয়ার্স একাই করেন ৫৯।
 
মোহাম্মদ নবির বলে আরেকটা ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে নুর আলি জাদরানের হাতে ধরা পড়েন ডি ভিলিয়ার্স। ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন। শেষ দিকে দুইশ ছাড়ানো ইনিংসে অবদান রাখেন ডেভিড মিলার (৮ বলে ১৯) ও দুমিনি (২০ বলে অপরাজিত ২৯)।