লা লিগায় অদম্য গতিতে ছুটে চলা বার্সেলোনার জয়রথ অবশেষে থামল। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো ভিয়ারিয়ালের মাঠে হোঁচট খেয়েছে লুইস এনরিকের দল।
ভিয়ারিয়ালের মাঠে রোববারের এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ২-২ এ ড্র করে করে বার্সেলোনা। লিগে টানা ১২ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো দলটি। জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল মেসি-নেইমাররা।
এদিকে সেভিয়ার বিপক্ষে লিগের প্রথম পর্বে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ‘বিবিসি’ নামে পরিচিত তারকাসমৃদ্ধ আক্রমণভাগ জ্বলে ওঠায় সহজ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে রিয়াল।
IMG0
ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও হেসে রদ্রিগেস একটি করে গোল করেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে দুর্দান্তভাবে মৌসুম শুরুর পর এই সেভিয়ার বিপক্ষেই ছন্দপতন হয়েছিল রিয়ালের। গত নভেম্বরে লিগের প্রথম পর্বে দলটির মাঠ থেকে ৩-২ গোলে হেরে ফিরেছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা।
এই জয়ে ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৬৬। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ড্র করেও ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই আছে লুইস এনরিকের দল।
