মেসেঞ্জার ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে নতুন গেম এনেছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ক্ষুদে বার্তা আদানপ্রদানের অ্যাপটিতে এখন বাস্কেটবল গেমটি খেলার সুবিধা পাবেন। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
গেমটি খেলতে ফেসবুক মেসেঞ্জারের ইমোজির ভিতর থেকে বাস্কেটবল ইমোজি খুঁজে বের করতে হবে। যার সঙ্গে প্রতিযোগিতা করতে চান, তাকে এই ইমোজি চ্যাটে পাঠাতে হবে। গেমটিতে খেলোয়াড় যত ধাপ এগোবেন, গেমটি তত কঠিন হবে।
গত বছরে ‘ড্র সামথিং’ নামে মেসেঞ্জারে প্রথম গেমটি যুক্ত করে ফেসবুক। এর পরে মেসেঞ্জারে দাবা যুক্ত হয়। গুগল প্লে ও অ্যাপ স্টোরে ফেসবুক মেসেঞ্জারের আপডেটেড সংস্করণে বাস্কেটবল গেমটি পাওয়া যাবে।
৮০ কোটি ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।
এটি এখন শুধু একটি চ্যাট প্রোগ্রামেই সীমাবদ্ধ নেই। এটি দিয়ে আপনি বিভিন্ন স্টিকার, জিআইএফ, ছবি, ভয়েস মেসেজ পাঠাতে পারেন।
বর্তমান সময়ে ফেসবুকের এই অ্যাপটির ভয়েস ও ভিডিওকল সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
