তাসকিন ইস্যুতে জরুরি বৈঠকে বসবে আইসিসি

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৬:০৫
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে বাংলাদেশের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। আরাফাত সানিরটা মেনে নিলেও তাসকিনের নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এ রায়ের বিরুদ্ধে বিসিবি আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
চলতি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেই তাকে ফিরে পেতে চায় বিসিবি। সেজন্যে আইসিসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে বলে জানান পাপন। তিনি জানান, ইতোমধ্যে তাসকিন ইস্যুতে একটি লিগ্যাল টিম গঠন করেছে আইসিসি। শিগগিরই ওই কমিটি জরুরি বৈঠক বসবে বলে জানা গেছে। তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে এ বিষয়ে আলোচনার জন্য তাদের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের বলেছি, শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করতে। আশা করছি যত দ্রুত সম্ভব ইতিবাচক ফল পাওয়া যাবে।'
 
তাসকিনকে নিষিদ্ধ করার পর বাংলাদেশসহ বিস্মিত পুরো ক্রিকেটবিশ্ব। বিস্ময়ের জন্মটা দিয়েছে মূলত আইসিসির রিপোর্ট। সেখানে বলা হয়েছে, তাসকিনের স্টক ও ইয়র্কার ডেলিভারিতে কোনও সমস্যা নেই, বাউন্সারে সমস্যা। আইসিসির নিয়ম অনুযায়ী এ সমস্যার জন্য বড় জোর সতর্ক করা যেতে পারে তাসকিনকে। কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির নিয়মানুযায়ী সাত দিনের মধ্যে আপিলের সুযোগ আছে তাসকিনের।