মোজাম্বিকে পাওয়া বিমানের দুটি ভাঙা অংশ পরীক্ষা জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমান এমএইচ৩৭০ এর অংশ এগুলো। এ বিষয়ে পরবর্তী কাজ হবে অস্ট্রেলিয়ায়।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একজন ভাঙা অংশ দুটির মধ্যে একটি পায়। আর ডিসেম্বরে অপর অংশটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক পর্যটক।
২৩৯ জন নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি। এর পর বিমানটির খোঁজে বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক অভিযান চালালেও এখন পর্যন্ত এর কোন হদিস পাওয়া যায়নি।
মোজাম্বিক থেকে বিমানের ভাঙা টুকরা পাওয়ার কথা বিবিসিকে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে এটি নিয়ে তারা পর্যালোচনা করবে বলেও তারা জানায়। অস্ট্রেলিয়ার তদন্তকারীদের ধারণা এতদিনে পানির নিচে চলে গেছে বিমানটির ধ্বংসাবশেষ।
