কিউবার অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব ওবামার

আপডেট : ২২ মার্চ ২০১৬, ০০:৩৯
কিউবার অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও দেশটির ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। গতকাল সোমবার প্রেসিডেন্ট ওবামা ও রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক হওয়ারও কথা রয়েছে। এছাড়া তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন।-খবর বিবিসি ও রয়টার্সের

 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তিন দিনের ঐতিহাসিক সফরে এখন কিউবায় রয়েছেন। গত ৮৮ বছরের মধ্যে এটিই মার্কিন কোনো প্রেসিডেন্টের পক্ষে কিউবায় সশরীরে প্রথম ভ্রমণ। হাভানায় পৌঁছে ওবামা নিজের একাউন্ট থেকে টুইট করে লিখেছেন, কিউবার মানুষদের সঙ্গে দেখা করে সরাসরি জানার একটা আগ্রহ রয়ে গেছে। তবে কিউবায় ওবামার সফরের দিনও  প্রতিবাদ হিসেবে মিছিল হয়েছে এবং ওবামা যাওয়ার মাত্র ঘন্টাখানেক আগেই তা ক্ষান্ত হয়েছে। এই মিছিলে বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। ওবামা কিউবার সঙ্গে সম্পর্ক পুন:স্থাপন নিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়েছেন। তাই তিনি কিউবার বিরোধী বন্দীদের মুক্তি এবং তাদের রাজনীতি করার অধিকার প্রদান বিষয়ে আলোচনা করতে পারেন। প্রেসিডেন্ট ওবামার এক সহযোগী বলেন, প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক সংস্কার এবং কিউবানরা যাতে ইন্টারনেটে প্রবেশের যথেষ্ট সুযোগ পান সেই বিষয়ে গুরুত্ব দেবেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার প্রতি যে নরম মনোভাব পোষণ করছে হাভানায় ওবামার এ সফর তারই এক চূড়ান্ত নমুনা। মার্কিন প্রেসিডেন্টের এই কিউবা সফরে ইউএস-কিউবা সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এবং উভয় দেশই এতে লাভবান হবে। ওবামা এবং রাউল কাস্ত্রো একসঙ্গে নৈশভোজ করবেন, যৌথ এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।