আশা নিয়ে দলের সঙ্গে তাসকিন, ফিরছেন সানি

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৫:৪০
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এর মধ্যে তাসকিনের বিষয়টি পুরোপুরি 'অবিচার' হিসেবেই দেখছে সবাই। আইসিসির কাছে রিভিউ আবেদনও করেছে বিসিবি। তাই বিশ্বকাপে মাঠে নামতে পারার ক্ষীণ একটা আশা নিয়ে দলের সঙ্গেই থেকে যাচ্ছেন তাসকিন। আর পুনর্বাসনের বিকল্প নেই বলে দেশে ফিরে আসছেন সানি।
 
মঙ্গলবারই দেশের বিমানে উঠিয়ে দেওয়া হতে পারে সানিকে। আর রিভিউয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাসকিনকে দলের সঙ্গেই রাখা হবে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
 
তাসকিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে কিনা সেটি নিয়েও অবশ্য গত দুদিন বিস্তর আলোচনায় সরগরম ক্রিকেটমহল। বিসিবিও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে রিভিউয়ের নিষ্পত্তির জন্য দুইদিন সময় লাগার কথা বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তাতে মূলপর্বের শেষ ম্যাচে টাইগার পেসারের খেলার একটা সম্ভাবনা থাকে। তাই হয়তো তাসকিনকে রেখে দেওয়া।
 
সোমবার তাসকিনের নিষেধাজ্ঞা ইস্যুতে রিভিউয়ের আবেদন করেছে বিসিবি। মূলত সাত দিনের মধ্যে সেই আবেদনের সিদ্ধান্ত আসার কথা থাকলেও সময়ের আগেও আসতে পারে বলে জানা গেছে। আপাতত আইসিসির কাছ থেকে উত্তরের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট ও বোর্ড।