দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারকে বৃটিশবিরোধী বিপ্লবী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর।
জেএনইউ ক্যাম্পাসে এক বক্তৃতায় তিনি ভগৎ সিংকে তার যুগের কানহাইয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, গত শতাব্দির কুড়ির দশকে মার্কসবাদী আদর্শে বিশ্বাসী ভগৎ সিংয়ের তার মাতৃভূমির জন্য গভীর ভালোবাসা ছিল। তার সঙ্গে কানহাইয়ার চরিত্রের মিল রয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। কানহাইয়াকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করে শশী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের অপমান করেছেন বলে দলটি অভিযোগ। তবে শশীর দল কংগ্রেস এব্যপারে কোন মন্তব্য করেনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই কাশ্মিরের স্বাধীনতাকামী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকীতে ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে কাশ্মির ও মনিপুরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কানহাইয়াকে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে সরকার।
কারগার থেকে ফিরে ক্যাম্পাসে ছাত্র সমাবেশে দেয়া ভাষণে কানহাইয়া বলেন, তারা ভারত থেকে নয় বরং ভারতের ভেতরে স্বাধীনতা চাইছেন। বিজেপির ফ্যাসিবাদী শাসন, দারিদ্র ও ক্ষধা থেকে স্বাধীনতা চায় জেএনইউর শিখার্থীরা। সূত্র: হিন্দুস্তান টাইমস
