জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির পুনঃ আবেদন ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে। ভর্তির কার্যক্রমে যে সব শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সেই সব শিক্ষার্থী আগামী ২৯ মার্চ বিকেল ৪টা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
উল্লেখ্য, নতুন আবেদনকারীদের কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না। পরবর্তীতে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরনের শিক্ষার্থীদের আবেদন অনলাইনে নিশ্চয়ন না করা হলে তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি পরবর্তীতে উল্লিখিত ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
