‘ব্রাসেলস হামলাকারী তুরস্কে আটক হয়েছিল’

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ০৮:৪৪
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, মঙ্গলবার ব্রাসেলসে আত্মঘাতী বোমা হামলাকারীদের একজনকে গতবছর দেশটি থেকে নেদারল্যান্ডসে দেশান্তরিত করা হয়েছিল। বিষয়টি বেলজিয়াম ও ডাচ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তুরস্কের সতর্কতাকে আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন এরদোগান।
 
তিনি জানিয়েছেন, ঐ ব্যক্তিকে সিরীয় সীমান্তের কাছ থেকে তুর্কি সরকারি বাহিনী গ্রেপ্তার করেছিল। বেলজিয়ামের বিচারমন্ত্রী কোয়েন জিনস বলেছেন, তিনি বিষয়টি জানতেন, কিন্তু ঐ ব্যক্তি যে একজন সন্ত্রাসী হামলাকারী তা ধারণা করতে পারেননি। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন এরদোগান ব্রাহিম আল বাকরাওই এর কথা বলেছেন। এই ব্যক্তি আত্মঘাতী হামলা করে নিজেকে উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে বেলজিয়ামের গণমাধ্যম।
 
মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। বিবিসি।