শুক্রবার দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার নিষেধাজ্ঞার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদনটি খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার দেশে ফিরবেন তাসকিন।
বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে গত ১৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন আরাফাত সানি ও তাসকিন। সানির বিষয়টি মেনে নিলেও, তাসকিনের ব্যাপারে ঘোর আপত্তি ছিলো বিসিবি’র। তাই তাসকিনকে ব্যাঙ্গালুরুতেই রেখে দেয় বিসিবি। কারণ, তাসকিনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য আইসিসিকে আবেদন করার সিদ্ধান্ত নেয় বিসিবি।
সেই পুনর্বিবেচনার ফল যদি তাসকিনের পক্ষে আসে, এমন চিন্তায়। কিন্তু বিসিবি’র পুনর্বিবেচনার আবেদন খারিজ করে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখে আইসিসি। সর্বশেষ প্রচেষ্টাটি শেষ হয়ে যাওয়ায় আগামী শুক্রবার দেশে ফিরে যাবেন তাসকিন।
আজ বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে ব্যাঙ্গালুরু ছাড়বে বাংলাদেশ। দলের সাথেই কলকাতা যাবেন তাসকিন। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচ খেলতে কলকাতা যাবে বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে আগামী ২৬ মার্চ নিউজিল্যান্ডে বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
