বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শাস্তি কাটিয়ে উরুগুয়ের জার্সিতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে গোলের পর গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে তাই একটু আলাদা করে ভাবার কথা জানিয়েছেন ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেস।
ব্রাজিলের রেসিফেতে বাংলাদেশ সময় শনিবার সকাল পৌনে সাতটায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লা লিগার চলতি মৌসুমে ২৮টি গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুয়ারেজ। উরুগুয়ের এই ফরোয়ার্ডের ওপর বাড়তি দৃষ্টি দেওয়ার কারণটাও জানান আলভেস।তিনি বলেন, 'অবশ্যই সুয়ারেজের ওপর আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। অসাধারণ সময় যাচ্ছে তার।'
ক্লাব ফুটবলে স্পেনের ভালেন্সিয়ার হয়ে খেলা আলভেস লিওনেল মেসি-সুয়ারেজ-নেইমারে সাজানো বার্সেলোনার আক্রমণভাগকে 'সবচেয়ে কঠিন' বলেও জানান।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের পাশাপাশি চার মাসের জন্য সব ধরনের ফুটবলে নিষিদ্ধ ছিলেন সুয়ারেস। বিডি নিউজ।
