দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ কোচ

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১০:১৭
দেশবাসীকে প্রত্যাশিত আনন্দের জয় উপহার দিতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানের লজ্জাকর পরাজয়ে ডুবেছে বাংলাদেশ। সর্বোচ্চ রান শুভাগত হোমের ১৬।
 
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ফলাফল দিয়েই এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্মেন্স মূল্যায়ন করতে চান হেড কোচ হাথুরুসিংহে। গতকাল ম্যাচ শেষে ব্রিফিংয়ে তিনি ক্ষোভ ঝেড়েছেন ব্যাটসম্যান ও ফিল্ডারদের দিকেই। তিনি বলেন, ‘অত্যন্ত খারাপভাবে হেরেছি আমরা। পরাজয়ের কারণ দুর্বল ফিল্ডিং ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং।’ কোচ মনে করেন, ‘চলতি বিশ্বকাপে এটাই ছিল বাংলাদেশের চরিত্র। প্রতিটি ম্যাচেই ফিল্ডাররা ক্যাচ মিস করেছে। ব্যাটসম্যানরা আবেগপ্রবণ হয়ে ব্যাট চালিয়েছে। তবে উল্লেখ করার মত যা কিছু করেছে সেটা বোলাররাই।’ 
 
গতকাল ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক ছিল না বলেই মত দিয়েছেন হাথুরু। তার মতে, ‘এটা বড়জোর ১২০ থেকে ১২৫ রানের উইকেট। বল খুব নিচু হয়ে যাচ্ছিল। অনেক পেস ছিল। এই উইকেটে নিউজিল্যান্ডকে আমরা ২০ রান অতিরিক্ত দিয়ে ফেলেছি। ওদেরকে ১২০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। নিউজিল্যান্ডের স্কোর কম রাখার জন্য আমরা বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারিনি। তবে নিউজিল্যান্ডের পারফর্মেন্সকেও ছোট করে দেখার সুযোগ নেই। তারা নিঃসন্দেহে ভালো খেলেছে। কন্ডিশন অনুযায়ী কৌশলী বোলিং করেছে।’
 
ভারতের কাছে আগের ম্যাচে পরাজয়ের কষ্ট ভুলে টাইগাররা কি নিউজিল্যান্ডের ম্যাচের দিকে মনোযোগ দিতে পেরেছিল। উত্তরে কোচ বলেন, ‘এভাবে হেরে যাওয়ার কষ্টটা আসলে ভুলে যাওয়া সহজ নয়। তবে ম্যাচ হারার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না। আমরা আজ ভালো বোলিং করেছি। কিন্তু ফিল্ডিং ভালো হয়নি। কিছু সুযোগ নষ্ট করেছি। অত্যন্ত বাজে ব্যাটিং করেছি।’
 
ম্যাচ হারাতে দলের ওপর নাখোশ হলেও মুস্তাফিজের ওপর দারুণ সন্তুষ্ট হাথুরুসিংহে। বলেন, ‘অনেক ম্যাচ খেললেই যে অভিজ্ঞতা অর্জিত হয়, তা ঠিক না। মুস্তাফিজ তেমনই এক ক্রিকেটার। সে অনেক বুদ্ধিমান। তার মধ্যে যা গুণ আছে অনেকেরই তা নেই। সে পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাওয়াতে পারে। অনেক ধূর্ত বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে যা অন্যদের নেই। তার ইয়র্কার ও কাটার বলের সমন্বয় সত্যিই প্রশংসা করার মত।’
 
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় কি বাংলাদেশের ক্রিকেটের পিছিয়ে পড়ার ইঙ্গিত। তা মানতে রাজি নন কোচ। বলেন, ‘খেলায় জিততে পারিনি বলে আমি অবশ্যই খুব হতাশ। কিন্তু মনে রাখতে হবে আমরা দু’টি ম্যাচে জয়ের অত্যন্ত কাছাকাছি চলে গিয়েছিলাম। টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা আগের চেয়ে অনেক অগ্রগতি লাভ করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করার সুযোগ রয়েছে। আমি স্বীকার করি যে আমাদের টি-টোয়েন্টি রেকর্ড সেই অর্থে ভালো নয়। তবে এই বিশ্বকাপে আমরা অনেক কঠিন গ্রুপে ছিলাম। অস্ট্রেলিয়া ও ভারতের মত দলের সাথে আমরা লড়াই করেই হেরেছি।’