রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৩৩
রাজধানীর আকাশে সোমবার সকাল থেকেই ছিল মেঘ-রোদ্দুরের লুকোচুরি। কখনো আকাশ জুড়ে ছিল কাল মেঘ, আবার কিছুক্ষণ পর দেখা গেছে রোদের ঝিলিক। এর মধ্যে ছিল ভ্যাপসা গরম। অবশেষে দুপুর ১২টার দিকে রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। এ সময় ঠাণ্ডা বাতাসে জুড়িয়ে যায় শরীর। গত কয়েকদিনের দাপদাহের পর রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি।
IMG0
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশে চলে এসেছে। তারই প্রভাবে বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টিতে পথচারীদের অনেকে বেকায়দায় পড়ে যান। এ সময় অনেক স্কুল ছুটি হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা দুর্ভোগ পোহান। বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এর পরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
IMG1
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে।
 
এদিকে, মঙ্গলবার ৮০ শতাংশ, বুধবার ৯০ শতাংশ, বৃহস্পতিবার ৬০ শতাংশ, শুক্রবার ৯০, শনিবার ৬০ ও রবিবার ৯০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রসহ বৃষ্টির।