চীন মাতিয়ে এবার ভারতে আসছে এমআই ৫

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১০:০২
সম্প্রতি চীনের বাজারে উন্মোচন করা হয়েছে শাওমি এমআই ৫। প্রথম ধাপেই ফোনটি সংগ্রহের জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৮০ লাখেরও বেশি গ্রাহক। বহুল জনপ্রিয় এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবার ভারতে উন্মোচন করা হবে। আগামী বৃহস্পতিবার ডিভাইসটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে চীনের শীর্ষ স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠানটি।
 
প্রায় এক বছর পর শাওমি ভারতে কোনো ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে বলে একে মাইলফলক মনে করছেন অনেকে। সর্বশেষ গত বছর এমআই ৪ ভারতীয় বাজারে উন্মোচন করে উন্নয়নশীল বিশ্বে তুমুল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি।
 
স্মার্টফোনটিতে রয়েছে থ্রিডি সিরামিক কভার। স্টোরেজ ১২৮ জিবি। ৩ হাজার মেগাহার্টজ ব্যাটারি। ৫.১৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন।
 
সেই সঙ্গে রয়েছে ফোরজি কানেক্টিভিটি এবং ৬০০ এমবিপিএস ডাউনলোড ক্ষমতা। মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল। ওজন ১২৯ গ্রাম।
 
ভারতের বাজারে ডিভাইসটি দাম সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে শাওমির প্রেসিডেন্ট বিন লিন এর আগে মি৫-এর দাম নিয়ে কথা বলেছিলেন ইকোনমিক টাইমসের সঙ্গে। এর দাম ২৭ হাজার রুপির কম হতে পারে বলে সে সময় জানান তিনি।