শেখ জামাল ইস্যুতে বাফুফেকে আদালতের নির্দেশ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:২০
দলবদলের সময় ক্লাব ছেড়ে যাওয়া ৮ ফুটবলারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ জানিয়ে আসছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বাফুফের কাছে প্রত্যাশানুযায়ী ফল না পেয়ে বিষয়টি মীমাংসা করতে ক্লাবটি এবার আদালতের দ্বারস্থ হয় তারা। তাতে রুল জারি করে শেখ জামাল ছেড়ে যেতে চাওয়া সেই ফুটবলারদের আপাতত নতুন ক্লাবের হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত জানিয়েছেন সর্বোচ্চ আদালত।
 
আদালত শেখ জামালের দাবির প্রেক্ষিতে ৮ ফুটবলারকে ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এই নিয়ে রুল জরি করেছে। একইসঙ্গে খেলোয়াড়দের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দেওয়া হয়েছে।
 
সোমবার শেখ জামালের করা রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।
 
সর্বশেষ দলবদলের সময় শেখ জামাল ছেড়ে যাওয়া আট ফুটবলারের মধ্যে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধূরী, ইয়ামিন মুন্না, সোহেল রানা ও রায়হান হাসান চট্টগ্রাম আবাহনীতে নাম লিখিয়েছেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের যোগ দিয়েছেন জামাল ভুঁইয়া ও শেখ আলমগীর কবির রানা। গোলরক্ষক শহিদুল আলম সোহেল সেখানে ঢাকা আবাহনীতে গেছেন।
 
বেআইনি ঘোষণার রুলের জবাব দিতে বাফুফেসহ বিবাদীদের চার সপ্তাহ সময় বেধে দিয়েছেন। আর সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ খেলোয়াড়রা অন্য কোনো ক্লাবে খেলতে পারবেন না।