ক্ষমা চেয়ে পদত্যাগ করতে চান ওয়াকার ইউনুস

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:২৩
টি-২০ বিশ্বকাপে জাতীয় দল খারাপ করায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস। মেগা এই ইভেন্ট থেকে দল গ্রুপ পর্বেই ছিটকে পড়ায় তিনি নিজে পদত্যাগ করতে প্রস্তুত বলেও জানান ওয়াকার।
 
চলমান বিশ্বকাপে কেবলমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় লাভের পর চিরপ্রতিদ্বন্দ্বি ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর সমর্থকদের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
 
দলের কতিপয় সদস্য গতকাল লাহোর বিমান বন্দরে পৌছালে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক 'লজ্জা! লজ্জা' বলে দূয়োধ্বনি দেয়। লাহোরস্থ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদর দপ্তরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, 'আমি করজোড়ে জাতির কাছে ক্ষমা চাই।'
 
প্রধান কোচ হিসেবে ২০১৪ সালে দ্বিতীয়বার নিয়োগ পাওয়া এবং আগামী মে মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফাস্ট বোলিং লিজেন্ড আরো বলেন, দলের ভাল হলে তিনি সরে যেতে প্রস্তুত রয়েছেন। তবে কৌশলে তিনি পদত্যাগ শব্দটি ব্যবহারে বিরত থাকেন। তিনি বলেন, 'আমি চলে গেলে যদি দলের ভাল হয়, আমি অনতিবিলম্বেই তা করব।'
 
গত সপ্তাহে তিনি দেশটির ঘরোয়া ক্রিকেট অবকাঠামো পুনর্গঠনের আহবান জানান এবং আরো বলেন, '২০০৯ সা‡ল শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় পাকিস্তান ক্রিকেটের দুর্গতি শুরু হয়েছে।'
 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'দেশের মাটিতে কোন ক্রিকেট না হলে ভিত্তি অবশ্যই দুর্বল হবে।' ভারতে চলমান টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই দল বাদ পড়ায় বিশেষ করে বর্ষীয়ান শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের সমালোচনায় মুখর হয়ে ওঠে ক্রিকেট পাগল দেশটির জনগণ। খুব শিগগিরই আফ্রিদি নিজের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। খবর- বাসস।