র‌্যাংকিংয়ে এগোলেন সাব্বির-মুস্তাফিজ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:৪২
ঘরের মাঠে এশিয়া কাপের পর ভারতে চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বেও দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টেনে কোনো ম্যাচ না জিতলেও প্রাপ্তির পাল্লাটা একেবারে শূন্য নয় টাইগারদের। ব্যাটিং ও বোলিংয়ের সেরা দশে রয়েছেন বাংলাদেশের ৬ জন। আর এই পারফর্মেন্সের প্রতিফলন পড়েছে আইসিসি র‌্যাংকিংয়ে।
 
মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন সাব্বির। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ও ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির।
 
চোটের জন্য বাংলাদেশের সর্বশেষ নয় ম্যাচের ছয়টিতেই খেলা হয়নি মুস্তাফিজের। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দলের সাত ম্যাচের তিনটিতে খেলেই আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ। টুর্নামেন্টে ৯.৫৫ গড়ে ৯ উইকেট নেন মুস্তাফিজ। ওভার প্রতি ৭.১৬ করে রান দেওয়া এই তরুণ বাঁহাতি পেসারের সেরা ২২ রানে ৫ উইকেট।
 
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। তার পেছনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৩৪৬)।