হ্যাকার তৈরির বিজ্ঞাপন

সাইফুর’স-এর শেষ দেখতে চান শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ০৯:৩৬
হ্যাকার তৈরিতে উদ্বুদ্ধ করে বিজ্ঞাপন প্রচার করা সাইফুর’স কোচিং সেন্টারের শেষ দেখতে চান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমর্থন চেয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষা বিষয়ক অনলাইন কনটেন্ট শেয়ারিং পোর্টালের www.edutube.bd উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী।
 
কোচিং সেন্টারটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা সচিবকে নির্দেশ দেয়ার কথা উল্লেখ করে বিজ্ঞাপনটি পড়ে শোনান মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘চিন্তা করতে পারছেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার-গবেষক-হ্যাকার সবাইকে এক সারিতে নিয়েছেন।’ সাইফুর’স কোচিং সেন্টার নিয়ে মন্ত্রী বলেন, ‘আর এই চোরের রাজা, যিনি চোরামি শেখাতে চান, তার বিরুদ্ধে কী হবে— এ দেশের আইন কী বলে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো।’
 
এ সময় মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অতিথি এবং দর্শক সারিতে সবাই হাততালি দিয়ে মন্ত্রীকে সমর্থন জানান। অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ, ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান উপস্থিত ছিলেন।