বাফুফের বিরুদ্ধে ফিফায় অভিযোগ

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১০:০৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছেন সাবেক ফুটবলার শামশুল আলম মঞ্জু। তার অভিযোগ বাফুফেতে অনিয়ম হয়েছে। তিন বছর বার্ষিক সাধারণ সভা হয়নি। 
 
ঢাকার বাইরে গিয়ে অতিরিক্ত সাধারণ সভা করে আর্থিক রিপোর্ট অনুমোদন করিয়েছে। সাবেক এই ফুটবলার ফিফার সভাপতির কাছে লেখা পত্রে উল্লেখ করেছেন চেকের মাধ্যমে লেনদেন না করে নগদ টাকা উত্তোলন করাটা অনৈতিক। কিন্তু বড় অংকের নগদ অর্থ উত্তোলন করা হয়েছে গত বছরের জুন মাসে। 
 
২০১২ সালে ফিফার সভাপতি বাংলাদেশ সফরে এলে ৭ লাখ ডলার সিলেট ফুটবল একাডেমির জন্য অনুদান ঘোষণা দেন। কিন্তু সেই অর্থ প্রাপ্তি এবং অর্থ ব্যয়ের কোনো হিসাব বাফুফের ম্যানেজম্যান্ট কমিটি ২০১২ সালের অডিট রিপোর্টে প্রদর্শন করেনি। এই বিষয়গুলো তদন্ত করা হলে পরিষ্কার হয়ে যাবে কোথায় কোথায় অনিয়ম হয়েছে। ফিফার কাছে অভিযোগের ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদকের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।