স্বাধীনতা দিবস

নেদারল্যান্ডসের বাংলাদেশ হাউজে সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১১:০৯
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে নেদারল্যান্ডের দি হেগে বাংলাদেশ হাউজে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত ঐ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কূটনীতিক, বিচারক, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবী এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে বরণ করে নেয়া হয়। অতিথিবৃন্দ বাংলাদেশি সংস্কৃতি, খাবার ও আলোচনামুখর একটি বর্ণিল সন্ধ্যা উপভোগ করেন।
 
রাষ্ট্রদূত ও মিশনের কর্মকর্তারা আগত অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনকের অবিসংবাদিত নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
 
IMG0
 
রাষ্ট্রদূত তার বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে জাতির সাম্প্রতিক অর্জনের কথা উল্লেখ করে ডাচ ব্যবসায়ীদের এই উন্নয়ন মিছিলে শরিক হবার আহ্বান জানান। ডাচ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর পরবর্তী সময়ে দুইদেশের মধ্যে বিরাজমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত বেলাল এ সম্পর্ক ভবিষ্যতে দৃঢ়তর ও গভীরতর হবে বলে আশা প্রকাশ করেন।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাউজকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে লাল-সবুজে সাজানো হয়। অতিথিদের জন্য প্রবেশপথে বিছানো হয় লাল গালিচা আর পথের দুইপাশ সজ্জিত করা নানা রঙের ফুল আর ‘বিউটিফুল বাংলাদেশ’ এর পরিচায়ক ব্যানার দ্বারা। অনুষ্ঠানের নেপথ্যে যন্ত্রসঙ্গীতে বাজে দেশাত্মবোধক গান আর প্রদর্শিত হয় বিউটিফুল বাংলাদেশের প্রামাণ্যচিত্র।
 
এর আগে গত ২৬ মার্চ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়।