ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দলে ফিরছেন স্টার্ক

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:৩০
আগামী জুনে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরতে যাচ্ছেন তারকা পেসার মিশেল স্টার্ক। গত নভেম্বরে এডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর থেকে অসি দলে অনুপস্থিত ছিলেন স্টার্ক। কিন্তু গোঁড়ালির অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন তিনি দলে ফিরতে পুরোপুরি প্রস্তুত।
 
চলমান বিশ্ব টি টোয়েন্টিতে খেলতে না পারায় দারুণ হতাশ হয়েছেন ২৬ বছর বয়সী স্টার্ক। একইসাথে সুপার টেন পর্ব থেকে বিদায় নিয়ে হতাশ অস্ট্রেলিয়াও স্টার্কের সার্ভিস না পাওয়াটাকে দুর্ভাগ্য হিসেবেই মানছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফিরে আসাটাকে আদর্শ একটি সময় হিসেবেই দেখছে দলীয় ব্যবস্থাপনা। বিশেষ করে জুলাইতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজের ফিটনেসটাকেও ঝালিয়ে নেবার একটি সুযোগ তিনি পাচ্ছেন। 
 
এ সম্পর্কে অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান রড মার্শ বলেছেন,  মিশেলের পুনর্বাসন প্রক্রিয়ায় দারুণ উন্নতি হয়েছে। দলের মেডিকেল স্টাফরাও তার ফিটনেসের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার মত একজন প্রতিভাবান বোলারকে ফিরে পাওয়াটা অবশ্যই দলের জন্য ইতিবাচক একটি দিক। এদিকে স্টার্ক ছাড়াও বিশ্ব টি টোয়েন্টিতে  বিশ্বকাপে অবহেলিত হলেও অফ স্পিনার ন্যাথান লিওন আবারো ওয়ানডে দলে ফিরে এসেছেন। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া মূলত লেগ-স্পিনার এডাম জামপা ও বাঁহাতি এ্যাস্টন আগারের ওপরই নির্ভরশীল ছিল। 
 
অস্ট্রেলিয়ান স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, ন্যাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, ন্যাথান লিওন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল স্টার্ক, ম্যাথু ওয়েড, এডাম জামপা।