ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে েইংল্যান্ডকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। মুমরোর ৪৬ আর অধিনায়ক কেন উইলিয়ামসের ৩২ রানের উপর ভর করে ১৫৩ রান করে তারা। ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন স্টোকস।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক মরগান। কিউইদের হয়ে ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন। ইনিংসের শুরু থেকে জ্বলে উঠার ইঙ্গিত দিলেও তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ১২ বলে তিনটি বাউন্ডারিতে ১৫ রান করা গাপটিল। ডেভিড উইলির বলে উইকেটের পেছনে জস বাটলারের গ্লাভসবন্দি হন তিনি।
১০.৩ ওভারে দলীয় ৯১ রানে মঈন আলীর বলে ফিরতি ক্যাচ তুলে বিদায় নেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে ২৮ বলে ৩২ রান করেন তিনি। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন কলিন মুনরোও। দলীয় ১০৭ রানে প্লাঙ্কেটের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। ৩২ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মুনরো।
১৬.৩ ওভারে দলীয় ১৩৪ রানের মাথায় বিদায় নেন টস টেলর (৬)। কিউইদের রানের গতি কমে যায়। এরপর জোড়া আঘাত হানেন স্টোকস। আঠারোতম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তিনি সাজঘরে ফেরান লুক রঞ্চি (৩) ও কোরে অ্যান্ডারসনকে (২৩ বলে ২৮)। ফলে কিউইদের বড় সংগ্রহে আশা শেষ হয়ে যায়।
