সমস্যা যেহেতু হয়েছে, আমাকে এখন রিকভারি করেই আবার ক্রিকেটে ফিরতে হবে। তবে আমি এটা নিয়ে কোনো চিন্তিত না। তাড়াহুড়ার কিছু নেই। এমন সময়ে এটা হয়েছে, যেটা আমার জন্য ভালোই হয়েছে। সিরিজ চলা অবস্থায় হলে আমি খুব কষ্ট পেতাম।’
পরপর দুটি বিশ্বকাপ; অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি বিশ্বকাপে অবৈধ অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছেন তিনজন বাংলাদেশি বোলার। এর মধ্যে পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবাদ থাকলেও নীরবে অ্যাকশনের ত্রুটি মেনে নিতে হয়েছে আরাফাত সানি ও সঞ্জিত সাহাকে।
মিরপুরে এই দুই জনেরই বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন জাতীয় দলের স্পিন কোচ রুয়ান কালপাগে।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া আরাফাত সানি ক্রিকেটে ফিরতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। সানির বোলিং অ্যাকশন শুধরাতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।
গতকাল বুধবার মিরপুর ইনডোরে আড্ডার ছলে আরাফাত সানি বলেন, ‘সমস্যা যেহেতু হয়েছে, আমাকে এখন রিকভারি করেই আবার ক্রিকেটে ফিরতে হবে। তবে আমি এটা নিয়ে কোনো চিন্তিত না। তাড়াহুড়ার কিছু নেই। এমন সময়ে এটা হয়েছে, যেটা আমার জন্য ভালোই হয়েছে। সিরিজ চলা অবস্থায় হলে আমি খুব কষ্ট পেতাম। তখন সবাই জাতীয় দলের হয়ে খেলত, আমি বাহিরে থাকতাম, দর্শকের ভূমিকায়। এখন তেমন কোনো খেলা নেই। হাতে অনেক সময় আছে অ্যাকশন শুধরিয়ে ক্রিকেটে ফেরার জন্য।’
ল্যাবের পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে বাঁহাতি স্পিনার বলেন, ‘আসলে সেদিন আমাকে বলা হয়েছিল, তুমি ম্যাচে যে বলগুলো করেছ সেগুলো করে দেখাও। আমি সে অনুযায়ী ২৪টি বল করেছি।’ আরফাত সানির মতো মিরপুরের ইনডোরে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন ডান হাতি স্পিনার সঞ্জিত সাহা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি তার। যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন রংপুরের এই ক্রিকেটার। বোলিং অ্যাকশন শুধরিয়ে ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করে উদীয়মান এই ক্রিকেটার বলেন, ‘২০ দিন হলো বোলিং অ্যাকশন শুধরাতে কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফিরতে পারব। যখন আমার কাছে মনে হবে ঠিক হয়ে গেছে তখন ল্যাবে যাব পরীক্ষা দিব।’
বিশ্বকাপের আগে যুব দলের ম্যাচগুলোর সেভাবে ভিডিও হয়নি, এমনটি জানিয়ে সঞ্জিত বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের বোলিংয়ের তেমন কোনো ভিডিও হয়নি। যদি হতো তাহলে বিশ্বকাপে গিয়ে সমস্যায় পড়তে হতো না। টানা দেড় বছর ধরে বিশ্বকাপে খেলার জন্য কাজ করেছি। কিন্তু বিশ্বকাপে গিয়ে খেলতে পারলাম না। তখন অনেক খারাপ লেগেছে। এখন আমি অনেক স্ট্রং আছি। ওভার কাম করে আবার ক্রিকেটে ফিরে আসবো।’
