আমদানি-রফতানিতে নিয়োজিত প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশের চার বেসরকারি ব্যাংককে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ডলারের বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার ৮০ টাকা হিসাবে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা।
এডিবির এই অর্থ পাচ্ছে সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে এডিবি আবাসিক কার্যালয়ে চার ব্যাংকের সঙ্গে এডিবির এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন এডিবির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বেক।
অন্যদিকে পূবালীর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথ-ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসাইন এবং সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে স্টিভেন বেক বলেন, 'বাংলাদেশ ব্যাংকের জিম্মায় আমদানি-রফতানিতে নিয়োজিত কোম্পানিগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এ অর্থ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকেও এ ঋণের আওতায় আনতে হবে।'
এডিবির ঋণ বাংলাদেশের প্রবৃদ্ধিতেও সহায়তা করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, 'এই চুক্তির ফলে এডিবি এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে উঠবে।' বিডি নিউজ।
