কলকাতায় ফ্লাইওভার ধস: নিহতের সংখ্যা বেড়ে ২৪

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৬:৩৯
কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে।
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মী ও সেনাবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। 
 
তবে আনন্দবাজার জানিয়েছে, সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২১জন বলে জানানো হয়েছে।IMG0
 
পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানায়, নিহতদের মধ্যে ১৫টি মরদেহ সনাক্ত করা হয়েছে। বাকিগুলো সনাক্তের চেষ্টা চলছে।
 
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর মুখপাত্র অনিল শেখাওয়াত জানান, উদ্ধার করা ৯২ জনের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। চিকিৎসক ও প্যারামেডিকসরা সারারাত ধরেই আহতদের চিকিৎসা দিচ্ছেন।IMG1
  
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
 
ভারতের কলকাতার গিরিশ পার্কে গনেশ টকিজের কাছে নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে। বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে একটি গাড়ির উপরে।