ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী শেন ওয়ার্ন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলে তারকা ফিরিয়ে দিবেন না বলে জানান অস্ট্রেলিয়ার এই সাবেক স্পিনার।
শুক্রবার এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘আমি ভারতীয় দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি মনে করি, কাজ করার জন্য তারা একটি প্রতিভাবান ও অসাধারণ দল। তাদের কোচিং করানোটা সব সময়ই চাপের। কেননা, কোটি মানুষের সমর্থন থাকে দলটির ওপর। আপনি যদি ভুল করেন তবে আপনাকে শূলে চড়ানো হবে। যদি আমাকে সুযোগ দেয়া হয় তবে আমি অবশ্যই এটি নিয়ে চিন্তা করবো।’
ভারতীয় দলে আপাতত কোনো কোচ নেই। ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষেই শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন।
এদিকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, খুব শিগগিরই জাতীয় দলে একজন পূর্ণকালীন কোচ নিয়োগ দিতে চাচ্ছে বিসিসিআই। ওয়ার্ন জানিয়েছেন, বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলে তিনি সেই সুযোগ লুফে নেবেন।
