নেতৃত্ব ছাড়ছেন আফ্রিদি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:৩২
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহিদ আফ্রিদি। তবে দলের হয়ে ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
 
আফ্রিদি জানান, তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন তিনি।
 
২০১৫ সালের বিশ্বকাপের পর আফ্রিদি আভাস দেন, ভারতে ২০১৬ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। তবে এই বছরের শুরুতে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এপ্রিলে অবসর না নিতে দেশবাসী এবং বন্ধু ও স্বজনদের কাছ থেকে ‘বিপুল চাপ’ আসছে তার ওপর।
 
তবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যর্থতার কারণে চাপে পড়েন আফ্রিদি। সুপার টেনে কেবল একটি ম্যাচ জেতে পাকিস্তান। তার নেতৃত্বের সমালোচনা করেন কোচ ওয়াকার ও দলের ম্যানেজার ইন্তিখাব আলম।