'বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে'

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৩০
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'রমজান মাসকে সামনে রেখে কোন মহল নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত বা সরবরাহে বাধার সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 
আসন্ন রমজান মাসসহ সারা বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপী তদারকি অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি এই বিষয়ে দেশের প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।
 
বাণিজ্যমন্ত্রী রবিবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'ভোজ্য তেল, ডাল, সোলা, চিনি, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়েজেনীয় সকল পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য তদারকি করা হচ্ছে। আসন্ন রমজান মাসের আগেই এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি কারক, ডিলার, পাইকারি ও খুচড়া ব্যবসায়ী, কনজিউমার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে ভোক্তার অধিকার নিশ্চিত করা হবে।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সফলভাবে দেশব্যাপী বাজার তদারকির দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, রমজান মাসসহ আগামী দিনগুলোতে এই তদারকি আরো জোরদার করা হবে।
 
জরুরী সভায় তিনি আরও বলেন, 'জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনের ধারা প্রয়োগ করে ১৫,৯০০ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১,২৯,৭৪,৫৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং ২৫৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫,৩৪,৭৫০ টাকা নগদ প্রদান করা হয়েছে। দেশের ভোক্তগণ আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন। সভায় মোবাইল টিমের সদস্যগণের লাঞ্চের জন্য জনপ্রতি ২০০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়।'