ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেডের (ডেসকো) পক্ষে ১ এপ্রিল থেকে বিদ্যুৎ বিল গ্রহণ করছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে সপ্তাহের যেকোন দিনই মোবাইল ফোন-ভিত্তিক এই সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এখন আর ডেসকোর গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য স্থানীয় কোন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না। এছাড়া রবির বিল পেমেন্ট ব্যবস্থাপনার আওতায় সময়মত বিল পরিশোধের জন্য গ্রাহকদের একটি নোটিশ প্রদান করা হবে। রাজধানীজুড়ে ৮শর বেশি রবি ক্যাশ এজেন্টদের মাধ্যমে প্রযুক্তি-বান্ধব গ্রাহকদের জন্য বিল পরিশোধ এখন সহজ একটি ব্যাপার।
রবির এ ডিজিটাল সেবাটি ডেসকো গ্রাহকদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদি কোন গ্রাহকের মোবাইল ফোন নাও থাকে তিনি ‘রবিক্যাশ পয়েন্ট’ লোগো সম্বলিত অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
দেশজুড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি অঞ্চলেই (চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও রংপুর) বিল পেমেন্ট সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে রবি। এছাড়া চট্টগ্রামের ওয়াসার গ্রাহকরাও মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধের সেবাটি গ্রহণ করতে পারছেন। রবির সমৃদ্ধ বিল পেমেন্ট সেবায় ডেসকোর বিল প্রদানের সুযোগটি একটি সর্বশেষ সংযোজন।
